শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, 'শিক্ষা বিভাগের দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।'
তিনি বৃহস্পতিবার ঢাকায় শিক্ষাভবনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কর্মকর্তাদের সাথে বৈঠকে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, 'শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন, স্কুল-কলেজ জাতীয়করণ, এমপিওভুক্তি, নিয়োগ-বদলি, বিষয় খোলা, প্রকল্প অনুমোদন, উপবৃত্তি ও বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের নামে কতিপয় কর্মকর্তা-কর্মচারীর দুর্নীতির কারণে শিক্ষাক্ষেত্রে অর্জিত সাফল্য ম্লান হবে, এটা কখনো মেনে নেয়া যায় না।'
জাতি গঠনের মহান দায়িত্বে নিয়োজিত শিক্ষকদের প্রয়োজনীয় সেবা প্রদান মাউশির দায়িত্ব বলে মন্তব্য করে মন্ত্রী বলেন, 'কিন্তু আক্ষেপের বিষয় সর্বত্র সম্মানিত এই শ্রদ্ধেয় শিক্ষকগণ তাদের নিজ অফিস মাউশিতে এসে নিগৃহীত ও নির্যাতিত হন, এমন খবর পাওয়া যায়, যা অত্যন্ত দুঃখজনক।'
শিক্ষামন্ত্রী বলেন, 'শিক্ষকগণ যাতে সম্মানের সাথে তাদের প্রয়োজনীয় সেবা পেতে পারেন মাউশি'র সে ভাবমূর্তি গড়ে তুলতে কর্মকর্তা-কর্মচারীদের অবশ্যই সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ করতে হবে। মাউশিতে শিক্ষা ও শিক্ষক বান্ধব পরিবেশ গড়ে তোলার জন্য সংশ্লিষ্টদের প্রতি শিক্ষামন্ত্রী আহ্বান জানান।
মাউশি'র মহাপরিচালক প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে এ বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে অতিরিক্ত সচিব এ এস মাহমুদ, বিভিন্ন প্রকল্পের পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এসএস
