১০ টাকা কেজি চাল বিতরণের ঘোষণা বাস্তবায়ন হচ্ছে: কৃষিমন্ত্রী

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৬, ২০:১২
কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, 'আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ১০ টাকা কেজি চাল বিতরণের যে ঘোষণা ছিল তা বাস্তবায়ন করা হচ্ছে। সারা দেশে ৫০ লক্ষ লোককে ৫ মাসব্যাপী ১০ টাকা কেজি চাল বিতরণের কাজ শুরু করেছে সরকার।'
 
কৃষিমন্ত্রী দুই দিনব্যাপী তার নির্বাচনী এলাকা নালিতাবাড়ী-নকলাতে ঈদুল আযহা উপলক্ষে গরীব দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণকালে এসব কথা বলেন। বৃহস্পতিবার সকালে নকলা উপজেলার উরফা ইউনিয়ন, নালিতাবাড়ী উপজেলার মরিচপুরাণ ইউনিয়ন ও রূপনারায়ন কুড়া ইউনিয়ন কমপ্লেক্সে চাল বিতরণ করেন।
 
এ সময় মতিয়া চৌধুরী বলেন, 'দেশ যখন আত্মমর্যদাশীল হিসেবে বিশ্ব দরবারের কাছে পরিচিতি লাভ করছে, ঠিক তখনই বিএনপি-জামায়াত উগ্রমৌলবাদীদের উসকে দিয়ে দেশে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে। কিন্তু বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় ও ধার্মিক, সাম্প্রদায়িক নয়। তাই বিএনপি-জামায়াতের উসকে দেয়ার রাজনীতি জনগণ প্রত্যাখ্যান করেছে।'
 
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সম্প্রতি বাংলাদেশ সফরকালে বিএনপি তার কাছে গত জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নালিশ করলেও তিনি তাতে কর্ণপাত করেননি মন্তব্য করে বলেন, 'বরং তিনি তার টুইটারে শেখ হাসিনার সরকারের অভূতপূর্ব উন্নয়নের কথাই বলেছেন।'
 
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার লাবণী খন্দকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মোখলেছুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমানসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
 
ইত্তেফাক/এসএস