পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক আজ বৃহস্পতিবার বিকেলে সদরঘাট লঞ্চ টার্মিনাল ও কমলাপুর রেল স্টেশন পরিদর্শন করেছেন।
এই সময় তিনি ঘরমুখো মানুষের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন।
তিনি সদরঘাট লঞ্চ টার্মিনালের বিভিন্ন স্থান ও লঞ্চ ঘুরে দেখেন এবং যাত্রীদের সাথে কথা বলেন।
এসময় আইজিপি লঞ্চের ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন না করা ও চলাচলে অনুপযুক্ত নৌযানে ভ্রমন রোধ করার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান।
এছাড়াও অজ্ঞান ও মলম পার্টি, পকেটমার এবং ছিনতাইকারীদের কবল থেকে রক্ষা পেতে যাত্রীদের সচেতন থাকার জন্য পরামর্শ দেন। সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে আইজিপি কমলাপুর রেলস্টেশন পরিদর্শন করেন। সেখানে স্টেশন এবং রেলপথের যাত্রীদের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং যাত্রীদের নিরাপদ ভ্রমন নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করেন।
পরিদর্শনকালে নৌপুলিশের ডিআইজি মো. মনিরুজ্জামান, ডিএমপির ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার শাহাবুদ্দিন কোরেইশী, অতিরিক্ত কমিশনার শেখ মুহাম্মদ মারুফ হাসান, জাহাজ মালিক সমিতির প্রধান উপদেষ্টা গোলাম কিবরিয়া টিপু, বিআইডব্লিউটিএ এর যুগ্ম-পরিচালক জয়নাল আবেদিন এবং রেলওয়ে পুলিশের ডিআইজি মো. শামসুদ্দিন, রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার মো. মাহবুবুল আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এমআই
