তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, রামুর ডিজিটাল সফটওয়্যার টেকনোলজি পার্ক তথ্যপ্রযুক্তির বিকাশ ও ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে ভূমিকা রাখবে। ট্যুরিজম উন্নয়নের মাধ্যমে বিশ্বের কাছে কক্সবাজারকে পরিচিত করতেও রামুর হাইটেক পার্ক উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
বৃহস্পতিবার সকালে কক্সবাজারের রামু উপজেলার চেইন্দা এলাকায় প্রায় ৯ একর জমিতে নির্মিতব্য হাইটেক পার্কের জায়গা পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
প্রতিমন্ত্রী পলক বলেন, দেশের শিক্ষিত যুব সমাজকে আইটি প্রশিক্ষণের জন্য বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়ন করছে বর্তমান সরকার। ২০২১ সালের মধ্যে দেশে আইটি পেশাজীবীর সংখ্যা ২০ লাখে উন্নীত করা হবে। এ পার্ক চালু হলে প্রায় দেড় হাজার শিক্ষিত বেকারের চাকরির সুযোগ সৃষ্টি হবে। দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে সারাদেশে ১২টি আইটি পার্ক গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। তার মধ্যে কক্সবাজারের রামু ও মহেশখালীতে দুটি ডিজিটাল সফটওয়্যার টেকনোলজি পার্ক নির্মাণ করা হবে। প্রকল্পটি একনেকে পাশ হলেই বাস্তবায়নের কাজ শুরু করা হবে।
হাইটেক পার্ক পরিদর্শন শেষে চেইন্দার বনতলা রাস্তার মাথা নামক স্থানে স্থানীয়দের সঙ্গে এক মতবিনিময় সভা করেন পলক। দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইউনুচ ভূট্টো সভায় সভাপতিত্ব করেন।
এ সময় কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, অতিরিক্ত জেলা প্রশাসক (জেনারেল) আবদুর রহমান, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম, ভারপ্রাপ্ত রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. নিকারুজ্জামান উপস্থিত ছিলেন।
ই্ত্তেফাক/ইউবি
