আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, মীর কাশেমের ফাঁসির বিপক্ষে পাকিস্তানের নিন্দা প্রস্তাবই প্রমাণ করে তিনি যুদ্ধাপরাধী ছিলেন। মুক্তিযুদ্ধের সময় মীর কাসেম পাকিস্তানিদের এ দেশে গণহত্যা চালাতে সাহায্য করেছিলেন। মীর কাসেমের পক্ষে পাকিস্তানের বিবৃতি প্রমাণ করেছে যুদ্ধাপরাধীদের যে বিচার বাংলাদেশ করছে তা সঠিক।
বৃহস্পতিবার বিকালে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে আগামী ২২ ও ২৩ অক্টোবর দলটির জাতীয় সম্মেলন উপলক্ষে প্রচার ও প্রকাশনা উপ-কমিটি আয়োজিত আলোচনা সভা শেষে তিনি এসব কথা বলেন।
পাকিস্তান সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘নিজেদের দেশের শান্তি বজায় রাখুন। অযথা অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার ধৃষ্টতা দেখাবেন না।’
ইত্তেফাক/এএম।
