ঈদ যাত্রায় মহাসড়কে যাত্রীদের স্বস্তি দিতে সব ধরনের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম নগরীর সিটি গেইটে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
ঈদুল ফিতরের চেয়ে ঈদুল আজহায় ঘরমুখো মানুষের বাড়িফেরা নির্বিঘ্ন করা বড় চ্যালেঞ্জ মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, এ সময় রাস্তার পাশে পশুর হাট থাকে, পাশাপাশি চলে পশুবাহী গাড়িও। এসব গাড়ি ধীরগতিতে চলার কারণে যানজট সৃষ্টি হয়।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট হওয়ার কারণ নেই মন্তব্য করে মন্ত্রী বলেন, এবারে রাস্তা কোনো সমস্যা করবে না। মেঘনা, গোমতী ও কাঁচপুর ব্রিজের কাজ দ্রুত এগিয়ে চলছে। চার লেইন সড়ক থেকে দুই লেইনের ব্রিজে পড়লে তো সমস্যা হবে।
যানজটের কারণ হিসেবে শৃঙ্খলা না মানাকে দায়ী করে ওবায়দুল কাদের বলেন, রাস্তা ভালো থাকলেও বেপরোয়া ড্রাইভিং হলে সমস্যা হবেই।
ইত্তেফাক/এএম।
