ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিত্সাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ’র শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। খুলে নেয়া হয়েছে তার লাইফ সাপোর্ট।
গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে বিএনপির এই নেতার লাইফ সাপোর্ট খুলে নেয়া হয়। এখন তাকে কেবল অক্সিজেন মাস্ক দিয়ে রেখেছেন চিকিত্সকরা। তবে বাড়তি সতর্কতার জন্য সিএমএইচে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রেই (আইসিইউ) রাখা হয়েছে তাকে।
হান্নান শাহ’র সর্বশেষ শারীরিক অবস্থার কথা জানিয়ে তার এপিএস মমতাজউদ্দিন আহমেদ জানান, তিনি আগের চেয়ে অনেক ভালো আছেন। ডাক্তাররা স্যারের লাইফ সাপোর্ট খুলে নিয়েছেন। তারা বলেছেন, তার শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতি হয়েছে। স্যারের জ্ঞানও ফিরেছে, হাত-পাও নাড়িয়েছেন। ডাক্তাররাও তার সঙ্গে কথা বলেছেন।
এর আগে গত মঙ্গলবার হান্নান শাহ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
