নষ্ট হয়ে গেছে একটা চোখ। ঝলসে গেছে মুখের একদিক। এসিডের জ্বলুনি এসে তছনছ করে দিয়েছিল কিশোরীর নিষ্পাপ সৌন্দর্য। দু'বছর আগে মুম্বাইয়ের রেশমা কুরেশি ভেবেছিল জীবনটা বুঝি শেষই হয়ে গেল। এখন ১৯ বছরের এই কিশোরী ভাবছে, জীবনের সৌন্দর্য অপার। নিউ ইয়র্ক ফ্যাশন শো-তে মার্জার সরণিতে ঝড় তুললেন নিজের ঝলসে যাওয়া পোড়া রূপ দিয়েই।
২০১৪ সালে রেশমা গিয়েছিলেন ইলাহাবাদ। সেখানেই দেখা হয়ে যায় বোনের প্রাক্তন স্বামীর সঙ্গে। তার হাত থেকে দিদিকে বাঁচাতে গিয়ে বলি হতে হয় রেশমাকে। প্রাক্তন জামাইবাবু আর তার বন্ধুরা তরল গরলে পুড়িয়ে দেয় ১৭ বছরের রেশমাকে।
ইলাহাবাদে প্রাথমিক চিকিৎসাটুকু হয়েছিল। মুম্বাইয়ে ফিরে রেশমা জানতে পারে আর কিছু করার নেই। মুখের বাঁ দিকের মাংস খুবলে খেয়ে নিয়েছে এসিড। চলে গেছে বাঁ চোখের দৃষ্টিশক্তি।
জীবনটাকে কিন্তু পুড়ে যেতে দেয়নি রেশমা। এখন যুক্ত এক এনজিও-র সঙ্গে। চেহারায় হার মানাবেন পেশাদার মডেলদের। আচরণেও। অবলীলায় দিয়ে দেন মেক আপ-এর জাদু টিপস।
IMG0
এক সংস্থার আমন্ত্রণে রেশমা যোগ দিয়েছেন নিউ ইয়র্ক ফ্যাশন উইক-এ। ভারতীয় ডিজাইনার অর্চনা কোচরের পোশাক পরে দাপিয়ে বেড়ালেন মার্জার সরণি। সবাই মুগ্ধ রেশমার দৃপ্ত পদচারণায়।
প্রথমবার বিদেশে এসেছেন ট্যাক্সিচালকের মেয়ে রেশমা। নিউ ইয়র্ক দেখে তিনি মুগ্ধ। আরও বেশি মুগ্ধ জীবনের এই পট পরিবর্তনে। এখন আর আলাদা করে মনে সাহস আনতে হয় না। এসিডে পোড়া রেশমা এখন সাহসের প্রতিশব্দ।
ইত্তেফাক/এএম
