এবার ‘একটি অন্য রকম গল্পে’ দেখা যাবে সময়ের উদীয়মান অভিনেতা খন্দকার লেনিনকে। রাসেল আজম পরিচালিত টেলিফিল্মে এই অভিনেতাকে দেখা যাবে সমাজের অসহায় এক চরিত্রে। যিনি ভালোবাসার মানুষটিকে বাঁচিয়ে রাখার জন্য সমাজের সকল স্তরে ধরনা দিয়ে সাহায্য না পেয়ে অবশেষে কিডন্যাপের মতো একটি মারাত্মক অপরাধে লিপ্ত হবেন।
টেলিফিল্মটি নিয়ে বেশ আশাবাদী খন্দকার লেনিন। বললেন, এই কাজটি শুধু হাসি তামাশার জন্য নয়। টেলিফিল্মটিতে বিনোদনের পাশাপাশি রয়েছে সামাজিক সেবাও। যেখান থেকে একজন মানুষ উপলব্ধি করতে পারবেন সমাজের নিচের স্তরের দুঃখকষ্ট ও দেখতে পাবেন নানান অসহায়ত্বের প্রতিচ্ছবি।
টেলিফিল্ম সম্পর্কে তার মন্তব্য, এটা গতানুগতিক ধারার বাইরে। সমাজ-ভাবনার এক নতুন জগতে নিয়ে যাবে দর্শকদের।
টেলিফিল্মে ‘রুদ্র’ নামের চরিত্রটি দেশের একজন নামকরা স্ক্রিপ্টরাইটার। পরিচালক রাসেল তাকে এমন একটি গল্প লিখতে বলে যা একদম গতানুগতিক ধারার বাইরে অন্যরকম গল্প। রুদ্র অনেক কিছু ভাবতে থাকে কিছুই যেন তার মন মত হচ্ছে না। রুদ্রর মাথায় যখন অন্যরকম কোন গল্প আসেনা তখন সে বাসা থেকে বের হয় অন্যরকম কোন গল্পের প্লট খুজে পাবার আশায় । রুদ্র একটি রিক্সায় উঠে। কিন্তু একি রিকশাওয়ালা রুদ্রকে কিডন্যাপ করে ফেলে। অন্যরকম গল্প খুজতে বের হয়ে রুদ্র আরও বড় বাস্তবতার সামনে গিয়ে পড়ে।
অন্য দিকে সেলিম চরিত্রে খন্দকার লেনিনকে দেখা যাবে, একজন খেঁটে খাওয়া মানুষ হিসেবে। হঠাত্ করেই একদিন তার বউ অসুস্থ হয়ে পড়েন। স্ত্রীর চিকিত্সার জন্য টাকা যোগার করতে সব ধরনের চেষ্টা চালান তিনি। একপর্যায়ে ভিক্ষাও। কিন্তু সমাজ তাকে কোনো সহায়তা করেনি। অবশেষে লিপ্ত হন কিডন্যাপে!
ঈদের সপ্তম দিন জিটিভিতে রাত সাড়ে ১১টায় নাটকটি প্রচারিত হবে। টেলিফিল্মটি প্রযোজনা করেছেন শাহরিয়ার শাকিল।
ইত্তেফাক/এএম।
