জীবনী নির্ভর ছবি বা বায়োপিকই এখন বলিউডের বাজার মাতাচ্ছে। সম্প্রতি সাবেক ভারতীয় অধিনায়ক মুহাম্মদ আজহারউদ্দিনের জীবনের উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্র 'আজহার' আলোড়ন তুলেছে। মুক্তির অপেক্ষায় রয়েছে মাহেন্দ্র সিং ধোনির ওপর নির্মিত চলচ্চিত্র 'এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি'।
এবার তাই ভারতের বাইরের ক্রিকেটারদেরও বায়োপিক নির্মিত হওয়া নিয়ে হাওয়া বইতে শুরু করেছে বিটাউনে। ক'দিন আগে শোনা গেছে, অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফাস্ট বোলার গ্লেন ম্যাকগ্রার জীবনী নিয়ে ছবি হতে চলেছে। আর এই ছবিতে অভিনয় করতে পারেন অক্ষয় কুমার। এটাই চাইছেন ম্যাকগ্রা।
এবার গুঞ্জন শুরু হয়েছে অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক ও ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্টের বায়োপিক নির্মাণ নিয়ে। যদি গিলক্রিস্টের জীবনের উপর ভিত্তি করে সিনেমা বানানো হয় তাহলে কে অভিনয় করবেন তার ভূমিকায়?
এই প্রশ্ন করা হলে মারকাটারি ব্যাটসম্যান গিলক্রিস্ট জানান, তার পছন্দ বলিউডের হৃতিক রোশন। সঙ্গে রয়েছেন হলিউডের জর্জ ক্লুনিও।
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গিল বলেন, 'আমি জানি, আমি ক্লুনির মত সুদর্শন নই। তবে আমার মতে, আমার চরিত্রকে ক্লুনি খুব ভালভাবে ফুটিয়ে তুলতে পারবেন। আর বলিউড থেকে কাউকে বেছে নিতে হলে আমি হৃতিক রোশনের নাম বলব।'
ইত্তেফাক/এএম
