গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্প নগরীতে ফয়েল প্যাকেট তৈরির কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
জেলা প্রশাসক এস এম আলম জানান, শনিবার সকালে পাঁচ সদস্যের এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শনিবার সকালে গাজীপুরের টঙ্গী বিসিক এলাকার টাম্পাকো ফয়েলস লিমিটেড কারখানায় বয়লার বিস্ফোরণে অগ্নিকাণ্ডে চারতলা ভবনের একাংশ ধ্বসে পড়ে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা কারখানা ছাড়িয়ে আশপাশের বাসাবাড়ি, গোডাউন, ব্যাংক ও কারখানায় ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। এতে মহিলা ও শিশুসহ ২৩ জন নিহত ও শতাধিক শ্রমিক ও পথচারী আহত হয়েছে।
টঙ্গী, জয়দেবপুর, ঢাকার কুর্মিটোলা ও আশুলিয়া ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট চেষ্টা চালিয়ে সকাল সোয়া ১১টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। তবে আহতদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ ও উত্তরার বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
এ ঘটনায় ফায়ার সার্ভিসের ডিডি বদিউজ্জামানের নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ইত্তেফাক/ এএসএমইউ
