প্রতারণার অভিযোগে তিন বিদেশিসহ আটক ৮

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৬, ১৩:১০
 
এটিএম কার্ড জালিয়াতি ও মোবাইল ফোনে লটারিতে বিজয়ী হওয়ার কথা বলে প্রতারণার অভিযোগ তিন বিদেশিসহ পাঁচ বাংলাদেশীকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার মোহাম্মদপুর ও বারিধারা থেকে তাদের আটক করা হয়। 
 
গ্রেফতারকৃতরা হলেন- নাইজেরিয়ার নাগরিক চুকউয়া এম্মানুয়েল ওরফে ওব্বেন্না, মাইকেল বোমনিমি ওরফে উজিনি ও ডেভিড ওরফে উসেননিয়া। 
 
পাঁচ বাংলাদেশী হলেন- বিপ্লব লস্কর, হারুনুর রশিদ ওরফে কামাল, রেজাউল ইসলাম, কাউছার ও শওকত আলী।
 
এদের কাছ থেকে ৬৭টি চেকবই, ১৬টি মোবাইল ফোন, ১টি ল্যাবটপ, ১৫টি এটিএম কার্ড উদ্ধার করা হয়। এছাড়া  আফরিকার বনাঞ্চলের লিভিয়া বীজের ৬০টি প্যাকেট উদ্ধার করা হয়েছে। 
 
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, লিভিয়া বীজকে খাঁটি বায়ো বীজ উল্লেখ করে প্রতি প্যাকেটে পাঁচটি করে তারা বিক্রি করেন। এক প্যাকেট বীজের দাম ৩১ হাজার টাকা। 'এটি সেবন করলে শরীরের শক্তি বৃদ্ধি হবে, অনেক রোগ মুক্তি হবে।'  
 
প্রকৃত পক্ষে এ বীজ খেলে শরীরের কোনো পরিবর্তন হয় না। এভাবে তারা মানুষের কাছ লাখ লাখ টাকা হাতিয়ে নেন। এছাড়া এ চক্রটি বিদেশ থেকে টাকা আনিয়ে দেয়ার নাম করে কাস্টম ক্লিয়ারেন্সের নামে টাকা আত্মসাৎ করেন। একই ভাবে বিভিন্ন গ্রাহকের মোবাইল ফোনে লটারিতে পাঁচ লাখ পাউন্ড বিজয়ী হয়েছে বলে টাকা আত্মসাৎ করেন। তারা বিভিন্ন ব্যাংকের চেক ব্যবহার করে কয়েক লাখ টাকা আত্মসাৎ করেছেন।
 
 
ইত্তেফাক/কেকে