কেমিক্যালের মাধ্যমে টঙ্গীর কারখানার আগুন ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, কেমিক্যালের মাধ্যমে এ আগুন ছড়িয়ে পড়েছে বলে আমরা জানতে পেরেছি।
আজ শনিবার বিকেল ৪টা ৫ মিনিটে তিনি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এরপর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ৪টা ২৩ মিনিটে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গাজীপুরের টঙ্গীতে একটি কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা মোকাবিলায় প্রশাসন, নিরাপত্তা বাহিনী, ফায়ার সার্ভিস, নির্বাচিত জনপ্রতিনিধিরা তাৎক্ষণিক দায়িত্ব পালন করেছেন। না করলে হয়তো আগুন আরও ব্যাপক হতো। কেমিক্যালের মাধ্যমে এ আগুন ছড়িয়ে পড়ে বলে আমরা জানতে পেরেছি।
তিনি বলেন, এ পর্যন্ত শুনেছি ২৩ জন মানুষের প্রাণহানি হয়েছে। হাসপাতালে কয়েকজন চিকিৎসাধীন রয়েছেন। যারা এ ধরনের রাসায়নিক দ্রব্য ব্যবহার করেন, আমরা সব সময় তাদের বলে এসেছি তারা যেন বিশেষ ব্যবস্থা রাখেন। যাতে এ ধরনের দুর্ঘটনা না ঘটে। আর সে জন্য পুরান ঢাকা থেকে আমরা কেমিক্যালের গুদাম সরিয়ে দিয়েছি।
