ইন্তেখাব আলমের জায়গায় পাকিস্তান ক্রিকেট দলের নতুন ম্যানেজার হলেন দেশটির সাবেক খেলোয়াড় ওয়াসিম বারি। আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে দলের ম্যানেজারের দায়িত্ব পালন করবেন বারি।
শনিবার এক বিবৃতিতে একথা জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ২০১৫ সালের সেপ্টেম্বরে চতুর্থ দফায় পাকিস্তান দলের ম্যানেজার নির্বাচিত হন আলম। এরপর ম্যানেজার হিসেবে দলের সাথে বেশ কয়েকটি সফর করেন তিনি। সর্বশেষ ইংল্যান্ড সফরে টেস্ট ফরম্যাটে দলের সাফল্যের অংশীদার ছিলেন আলম। তবে এ মাসেই আলমের চুক্তি শেষ হয়ে যাচ্ছে। তাই আলমের জায়গায় বারিকে ম্যানেজারের দায়িত্ব দিলো পিসিবি।
এ ব্যাপারে পিসিবি থেকে এক বিবৃতিতে জানানো হয়, ‘ম্যানেজার হিসেবে এ মাসেই চুক্তি শেষ আলমের। তাই তার জায়গায় বারিকে নিয়োগ দেয়া হচ্ছে। পাকিস্তান ক্রিকেটে বিভিন্নভাবে অবদান রাখার জন্য আলমকে ধন্যবাদ।’ জাতীয় দলের হয়ে ১৭ বছর ক্রিকেট খেলেন বারি। এসময় ৮১টি টেস্ট ও ৫১টি ওয়ানডে খেলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
টেস্টে ১৩৬৬ রান ও ওয়ানডেতে ২২১ রান করেন তিনি। উইকেটরক্ষক হিসেবে টেস্টে ২০১টি ক্যাচ ও ২৭টি স্ট্যাম্পিং করেন বারি। আর ওয়ানডেতে তার ক্যাচের সংখ্যা ৫২টি ও স্ট্যাম্পিং ১০টি। আসন্ন সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩টি করে টুয়েন্টি-টুয়েন্টি, ওয়ানডে ও টেস্ট ম্যাচ খেলবে পাকিস্তান। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে নিরপেক্ষ ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে। টি-২০ ম্যাচ দিয়ে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে সিরিজটি।
ইত্তেফাক/এসএসএ
