রাজধানীতে কোরবানির জন্য ১১শ’৫২ স্থান নির্ধারণ

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৬, ২১:৪৯
আসন্ন ঈদ-উল-আজহায় কোরবানির পশু জবাই করার জন্য রাজধানীতে এক হাজার ১৫২টি স্থান নির্ধারণ করা হয়েছে।
 
এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ৬৪৮টি এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ৫০৪টি স্থান নির্ধারণ করা হয়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পৃথক বিবৃতিতে নির্ধারিত স্থানে কোরবানি দেয়ার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
 
তারা বলেন, 'এতে সহজে এবং সময়মত বর্জ্য অপসারণ করা যাবে।' রাজধানীতে পরিচ্ছন্ন ও মানুষের স্বাস্থ্য সুরক্ষায় বর্জ্য অপসারণের জন্য পলিব্যাগ দেয়া হবে এবং পানি সরবরাহ করা হবে।
 
এছাড়াও, উভয় কর্পোরেশন তাদের নিয়মিত পরিচ্ছন্নতা কর্মীর পাশাপাশি আরো ৬ হাজার ২০৫ জন অতিরিক্ত পরিচ্ছন্নতার কর্মী মোতায়েন করবে। আধুনিক বর্জ্যবাহী ট্রাকের মাধ্যমে দ্রুত বর্জ্য অপসারণ করা হবে।
 
এছাড়া দু'টি কন্ট্রোল রুম সার্বক্ষণিক খোলা থাকবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কন্ট্রোল রুমের ফোন নম্বর # ৯৮৫৬৭০৯ ও ৯৮৫৮০০৬ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কন্ট্রোল রুমের ফোন নম্বর # ৯৫৫৫৬০১৪।-বাসস।
 
ইত্তেফাক/এসএস