মৌসুমে প্রথম হার বার্সার

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৬, ০৯:৩৪
নতুন মৌসুমে প্রথমবারের হারের মুখ দেখল স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা।  আলাভেসের ২-১ ব্যবধানের জয়ে গোল দুটি করেন দেইভারসন ও ইবাই গোমেস। বার্সেলোনার একমাত্র গোলটি জেরেমি মাথিউয়ের।
 
এদিন শুরু থেকেই মাঠে ছিলেন নেইমার। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমেছিলেন লিওনেল মেসি-লুইস সুয়ারেস-আন্দ্রেস ইনিয়েস্তা, কিন্তু পয়েন্ট পাওয়া হয়নি লুইস এনরিকের শিষ্যদের।
 
শনিবার কাম্প ন্যুয়ের চোটের জন্য এই ম্যাচে ছিলেন না গোলরক্ষক মার্কে-আন্দ্রে টের স্টেগান। অন্য তারকা ফুটবলারদের অনুপস্থিতিতে ব্রাজিলকে অলিম্পিক ফুটবলে সোনা এনে দেওয়া নেইমারের ওপরই ভরসা করেছিলেন এনরিকে।
 
৩৪তম মিনিটে সেই নেইমারের বুদ্ধিদীপ্ত ফ্রি-কিকে সুযোগ আসে আলেইশ ভিদালের সামনে। গোলরক্ষক বরাবর তার বুলেট গতির শট এগিয়ে নিতে পারেনি বার্সেলোনাকে। পরের মিনিটে আবার ফ্রি-কিক পায় বার্সেলোনা। এবার বাইরে মারেন নেইমার।
 
৩৯তম মিনিটে নিজেদের প্রথম সত্যিকারের সুযোগকে গোলে পরিণত করে আলাভেস। কিকোর অসাধারণ এক ক্রসে বার্সেলোনার গোলরক্ষক ইয়াসপার সিলেসেনকে পরাস্ত করেন  ব্রাজিলিয়ান স্ট্রাইকার দেইভারসন।
 
দুই মিনিট পরে সমতা আনার সুযোগ আসে নেইমারের সামনে। এবার অল্পের জন্য লক্ষ্যে থাকেনি তার হেড। ৪৫তম মিনিটে ইভান রাকিতিচের শটও একটুর জন্য লক্ষ্যে যায়নি।
 
দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই সমতা ফেরায় বার্সেলোনা। নেইমারের কর্নার থেকে মাথিউয়ের দারুণ হেড আলাভেসের জাল খুঁজে নেয়।
 
তিন মিনিট পর মাথিউ বার্সেলোনাকে এগিয়েও নিতে পারতেন। নেইমারের কর্নারে তার হেড আলাভেসের এক খেলোয়াড়ের গা লেগে থেমে গেলে সুবর্ণ সুযোগ আসে ফরাসি ডিফেন্ডারের সামনে। কিন্তু খুব কাছ থেকেও শট লক্ষ্যে রাখতে পারেননি তিনি।
 
৬০তম মিনিটে মেসি, চার মিনিট পর ইনিয়েস্তাকে মাঠে নামান এনরিকে। তাতে আক্রমণের ধার বাড়ে বার্সেলোনার। কিন্তু প্রতি আক্রমণে ৬৫তম মিনিটেই আবার এগিয়ে যায় অতিথিরা। কোনাকুনি শটে সিলাসেনকে পরাস্ত করেন গোমেস।
 
৬৭তম মিনিটে বার্সেলোনার হয়ে নিজের শততম ম্যাচে খেলতে নামেন সুয়ারেস।
 
আলাভেসের রক্ষণের ওপর দিয়ে ঝড় বয়ে যায় বাকি সময়ে। একের পর এক আক্রমণ গড়লেন মেসি-নেইমার-সুয়ারেসরা। কিন্তু লা লিগায় উঠে আসা দলটির রক্ষণ আর ভাঙা সম্ভব হয়নি তাদের। বিডিনিউজ
 
ইত্তেফাক/এমএইচ