গাজীপুরে ৫ লাখ টাকা মুক্তিপণ না পেয়ে সজিব (৭) নামে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রবিবার সকালে বাড়ির কাছের একটি ঝোপ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। সজিব গাজীপুর সদরের ভাওয়ালগড় ইউনিয়নের নলজানি গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
সজিবের পিতা জসিম উদ্দিন জানান, কোরবানির খাসি কেনার জন্য তিনি শনিবার দুপুরের শ্রীপুর বাজারে যান। দুপুর আড়াইটার দিকে এক ব্যক্তি তার স্ত্রীর মোবাইলে ফোন করে সজিবকে অপহরণের কথা জানান এবং মুক্তিপণ হিসেবে ৫ লাখ টাকা দাবি করেন। এ ঘটনা জানার পর তিনি বাড়ি ফিরে আসেন। সন্ধ্যায় ওই মোবাইল নম্বরে ফোন করে আংশিক টাকা সংগ্রহের কথা জানানো হলে পুরো টাকা সংগ্রহ করে ফোন করার কথা বলা হয়। তিনি রাতে ঘটনাটি জয়দেবপুর থানা পুলিশকে জানান। রবিবার সকাল ৯টার দিকে বাড়ির পাশের একটি ঝোপের ভিতর ছেলে লাশ পাওয়া যায়।
জয়দেবপুর থানার হোতাপাড়া ফাঁড়ির ইনচার্জ এসআই নাজমুল হক জানান, শিশুটিকে গলা ও হাত-পায়ের রগ কেটে ফেলে রাখা হয়েছিল। পূর্ব শত্রুতার জের এ হত্যার ঘটনা ঘটতে পারে।
