বন্ধু কোনো একদিন মজা করে বলেছিলেন, ওই যে বুর্জ খলিফা, ওখানে যাওয়ার ক্ষমতা তোমার কোনোদিনই হবে না। সেদিন তিনি কোনো কথা বলেননি, কারণ তখন তিনি ছিলেন মামুলি এক তুলো ব্যবসায়ী।
তবে এরপর থেকে মনে একটা ইচ্ছে ডানা মেলতে শুরু করে, যা গোপনই করে রেখেছিলেন তিনি। পাশাপাশি ছিলেন সুযোগের অপেক্ষায়। আর সেই সুযোগ যখন এলো তখন বিশ্বের সবচেয়ে উঁচু প্রাসাদ বুর্জ খলিফায় পর পর ২২টি অ্যাপার্টমেন্ট কিনে নিলেন!
নাম জর্জ ভি নিরিয়াপরমবিল। অসম্ভব জেদ আর তা থেকে তুখোড় ব্যবসায়িক বুদ্ধি। দু’য়ের মিশেলে, ওই ভারতীয় ব্যবসায়ী এখন সংবাদের শিরোনামে। কারণ, দুবাইতে বসবাসকারী ওই ভারতীয় ব্যবসায়ী বুর্জ খলিফায় পর পর ২২টি অ্যাপার্টমেন্ট কিনেছেন। তবে, ২২-এই থেমে থাকতে চান না তিনি। জানিয়েছেন, সুযোগ পেলে বুর্জে আরও অ্যাপার্টমেন্ট কিনতে চান।
ছোটবেলায় বাবার সঙ্গে তুলোর ব্যবসা করতেন জর্জ। এরপর সেই তুলোর বীজও বিক্রি শুরু করেন।
এরপর তেতুলের বীজ বিক্রি শুরু করার পর থেকেই আর পিছনে ফিরে তাকাতে হয়নি জর্জকে। ধীরে ধীরে তার ব্যবসা সম্প্রসারিত হতে শুরু করে। এরপর বাতানুকূল যন্ত্র তৈরি শুরু করেন জর্জ। সেখান থেকে তার আর এক প্রস্থ উত্থান।
আর বর্তমানে জিও গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক হলেন জর্জ ভি নিরিয়াপরমবিল। অসম্ভব মনের শক্তি এবং ক্ষুরধার বুদ্ধি নিয়ে জর্জ এখন বিশ্বের ধনী ব্যবসায়ীদের প্রথম সারিতে।
ইত্তেফাক/এএম
