এমপির পদও ছাড়লেন ক্যামেরন

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৬, ১২:৫১
ব্রেক্সিট ভোটে হেরে আড়াই মাস আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পর ডেভিড ক্যামেরন এবার এমপি পদ ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। কনজারভেটিভ পার্টির নেতাকে উদ্ধৃত করে বিবিসির প্রতিবেদনে বলা হয়, তিনি নতুন প্রধানমন্ত্রী থেরেসা মে’র জন্য ‘বিঘ্ন’ সৃষ্টি করতে চান না বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন।
 
৪৯ বছর বয়সী যুক্তরাজ্যের এই সাংসদ বলেন, তার উত্তরসূরি ‘একটি দারুণ সূচনা করেছেন’।  ক্যামেরনের পদত্যাগের ফলে তার উইটনি অক্সফোর্ডশায়ার আসনে এখন উপনির্বাচন হবে। ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যুক্তরাজ্যের থাকা না থাকার বিষয়ে ২৪ জুন অনুষ্ঠিত গণভোটের পর প্রধানমন্ত্রীর পদ ছাড়েন তিনি।
 
তবে সে সময় তিনি বলেছিলেন, আগামী সাধারণ নির্বাচন পর্যন্ত তিনি এমপি হিসেবে থাকবেন। ২০০১ সাল থেকে উইটনি থেকে কনজারভেটিভ পার্টির এমপি নির্বাচিত হয়ে আসছেন ক্যামেরন। এর মধ্যে ২০০৫ সালে তিনি দলের প্রধান নির্বাচিত হন; প্রধানমন্ত্রী হন ২০১০ সালে। ব্রিটিশ জনগণ ব্রেক্সিটের পক্ষে রায় দিলে ইইউতে থাকার সমর্থক ক্যামেরন পদত্যাগ করেন। কনজারভেটিভ পার্টি থেকে নতুন প্রধানমন্ত্রী হন থেরেসা মে।  বিবিসি।
 
ইত্তেফাক/এসএসএ