নির্বাচনী শো-ডাউন শেষে ফেরার পথে দুর্ঘটনায় ২ যুবক নিহত

আপডেট : ২৪ মার্চ ২০১৯, ১০:০১

টাঙ্গাইলের বাসাইলে নির্বাচনী শো-ডাউন শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফুলকি ইউনিয়নের হাকিমপুর-জশিহাটি সড়কের হাকিমপুর তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন, উপজেলার কাশিল ইউনিয়নের কামুটিয়া গ্রামের লাল খানের ছেলে শাওন (২৭) ও বিলাল হোসেনের ছেলে জামিল (২৫)।

 

জানা যায়, নিহতরা ভাইস চেয়ারম্যান প্রার্থী নাজমুল হোসেন খান বাহাদুরের সমর্থনে মোটরসাইকেল বহর নিয়ে একঢালা গ্রামে এক নির্বাচনী মিটিংয়ে গিয়েছিল। মিটিং চলাকালীন দুর্ঘটনার শিকার ঐ দুইজন বাড়ি ফেরার পথে হাকিমপুরের তালতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে কাঁঠাল গাছের সাথে বাড়ি খেয়ে মোটরসাইকেলসহ ছিটকে রাস্তার পাশে পড়ে যায়। খবর পেয়ে মিটিং থেকে লোকজন ছুটে এসে পুলিশকে জানায়। পরে বাসাইল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

 

বাসাইল থানার ওসি এসএম তুহীন আলী বলেন, ওই দুই যুবক বেপরোয়াভাবে মোটরসাইকেল চালাচ্ছিলো। পরে গাছের সঙ্গে ধাক্কা লেগে তারা ঘটনাস্থলেই নিহত হয়।

 

ইত্তেফাক/এএম