কুমিল্লায় ওবায়দুল কাদের

'নবীন-প্রবীণের সংমিশ্রণে আওয়ামী লীগের কমিটিতে নতুন রক্ত সঞ্চালন'

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৫৩
 
সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, নবীন ও প্রবীণের সংমিশ্রণে আওয়ামী লীগের আগামী সম্মেলনে নতুন নেতৃত্ব আসবে। অক্টোবরে সম্ভাব্য এ সম্মেলনে প্রবীণদের অভিজ্ঞতার পাশাপাশি শক্তির জন্য কমিটিতে নতুন রক্ত সঞ্চালন হবে। বুধবার বেলা ১২টার দিকে কুমিল্লা মহানগরীর শাসনগাছা এলাকায় নির্মাণাধীন রেলওয়ে ওভারপাস নির্মাণ প্রকল্পের কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে এ কথা বলেন। আলাপকালে মন্ত্রী কুমিল্লা বিভাগ বাস্তবায়নে সকল ধরণের সহযোগিতা করবেন বলে উপস্থিত নেতৃবৃন্দকে আশ্বাস প্রদান করেন।
 
এ সময় স্থানীয় এমপি আ ক ম বাহাউদ্দিন, পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মন্ত্রী নির্মাণাধীন রেলওয়ে ওভারপাস প্রকল্পের কাজ ঘুরে ঘুরে দেখেন এবং নির্ধারিত সময়ের মধ্যে এ কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
 
এর আগে মন্ত্রী ওই এলাকায় পৌঁছলে তাঁকে মহানগর যুবলীগের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনগুলোর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/আরএ