মদ খেয়ে আবেগপূর্ণ দৃশ্যে অভিনয় করলেন বরুণ!

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৫৬
বলিউড অভিনেতাদের মধ্যে নওয়াজউদ্দিন সিদ্দিকি বা ইরফান খান সহজেই যে কোন আবেগপূর্ণ দৃশ্যে অভিনয় করতে পারেন। আর বাকিদের এ রকম দৃশ্য করার আগে প্রস্তুতি নিতে হয়। 
 
কয়েকদিন আগে বরুণ ধাওয়ানকে তার পরবর্তী ছবি 'বন্দরীনাথ কী দুলঁহনিয়া' ছবিতে এমনই একটা আবেগপূর্ণ দৃশ্য করতে হয়। জানেন, তিনি কীভাবে নিজেকে এই দৃশ্যের জন্য তৈরি করেছিলেন? ওই দৃশ্য শুট করার আগে তিনি বেশ কয়েক পেগ মদ খান। তারপর মদ্যপ অবস্থায় ক্যামেরার সামনে দাঁড়ান।
 
বলিউড লাইফের খবর অনুযায়ী, বরুণ জল বা অন্য কিছু না মিশিয়েই মদ্যপান করেন। ছবির পরিচালক শশাঙ্ক খৈতান নেশাগ্রস্ত বরুণের অভিনয় দেখে তার প্রশংসা না করে পারেননি। বরুণ নাকি আগে থেকেই জানতেন মদ না খেয়ে তিনি ওই দৃশ্যটা সঠিকভাবে কিছুতেই করতে পারবেন না।
 
বাস্তব জীবনে বরুণ কিন্তু একেবারেই মদ খাওয়া পছন্দ করেন না। কিন্তু তিনি নাকি সঠিকভাবে নিজের চরিত্র ফুটিয়ে তোলার জন্য সব কিছু করতে পারেন। নেশা করে 'বন্দরীনাথ কী দুলঁহনিয়া'র দৃশ্য করার পর বরুণ আর দাঁড়িয়ে থাকতে পারছিলেন না। তাই তাকে কয়েক ঘণ্টার জন্য ছুটি দিয়ে দেন পরিচালক। 
 
ওই সময়টা বরুণ ঘুমিয়ে কাটান‚ তারপর আবার ফিরে আসেন শুটিং স্পটে। 
 
বরুণকে এই ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি জানান, 'ছবিতে দরকার ছিল বলে আমাকে নেশা করতে হয়। কিছুক্ষণের জন্য নেশাগ্রস্ত হয়ে পড়লেও কিছুক্ষণ ঘুমোনোর পর আবার সব ঠিক হয়ে যায়।'
 
এই ছবিতে বরুণের বিপরীতে আছেন আলিয়া ভাট। এই ছবির আগামী বছর মার্চ মাসে মুক্তি পাওয়ার কথা।
 
ইত্তেফাক/এএম