রোনালদোর গোলে রিয়ালের জয়

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৬, ০৮:৫৯
জয় দিয়েই চ্যাম্পিয়ন্স লিগ মিশন শুরু করলো বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। পিছিয়ে থেকেও ক্রিশ্চিয়ানো রোনালদো ও আলভারো মোরাতার গোলে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে স্প্যানিশ জায়ান্ট।
 
৮৮তম মিনিট পর্যন্ত এগিয়েই ছিল পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবন। বুধবার নিজেদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে দ্বিতীয় মিনিটেই পিছিয়ে পড়তে পারত রিয়াল। সেবার একটুর জন্য লক্ষ্যে থাকেনি চেজারের প্রচেষ্টা। নবম মিনিটে গেলসন মার্টিনসের প্রচেষ্টা রুখে দিয়ে রিয়ালের ত্রাতা গোলরক্ষক।
 
২৭তম মিনিটে রিয়ালের প্রথম সত্যিকারের সুযোগ ব্যর্থ করে দেন রুই পাত্রিসিও। রোনালদোর শট তিনি ঠেকান কর্নারের বিনিময়ে। ৪৭তম মিনিটে আর স্পোর্তিংকে ঠেকিয়ে রাখতে পারেননি রিয়ালের গোলরক্ষক। এবার চেজারের শট খুঁজে নেয় স্বাগতিকদের জাল। নিষ্প্রভ রিয়াল স্বরূপে ফেরে শেষের দিকে। সে সময় অতিথিদের চেপে ধরে জিদানের শিষ্যরা। 
 
৮৩তম মিনিটে দারুণ একটি সুযোগ নষ্ট হয় রোনালদোর প্রচেষ্টা বারে লেগে। ছয় মিনিট পর আর পর্তুগালের অধিনায়ককে ঠেকিয়ে রাখতে পারেনি পর্তুগিজ দলটি। ফ্রি-কিক থেকে দারুণ এক গোলে সমতা ফেরান রোনালদো।
 
যোগ করা সময়ের চতুর্থ মিনিটে মোরাতার হেডে তিন পয়েন্ট নিশ্চিত হয় রিয়ালের।
 
ইত্তেফাক/এমএইচ