ইউরোপ ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফার নতুন সভাপতি এখন আলেক্সান্ডার সেফেরিন। উয়েফার অন্তর্ভূক্ত ৫৫ দেশের ফেডারেশনের ভোটে মিশেল প্লাতিনির উত্তরসূরি নির্বাচিত হয়েছেন তিনি।
৫ ভোটের ৪২টিই পড়েছে ৪৮ বছর বয়সী এই স্লোভেনিয়ানের বাক্সে। যেখানে জিততে দরকার ছিল মোটে ২৮ ভোট। বিশাল ব্যবধানে জিতে উয়েফার সভাপতি নির্বাচিত হওয়ায় স্বভাবতই খুশি তিনি। সেই সঙ্গে নিজের দায়িত্ববোধের বিষয়টিও উল্লেখ করেছেন জয়ের পর। তিনি বলেন, ‘বন্ধুরা অসংখ্য ধন্যবাদ সমর্থন দেয়ার জন্য। এটা অনেক বড় সম্মানের, একই সঙ্গে অনেক বড় দায়িত্বও। অনেক বড় বিষয়। আমার ও আমার পরিবারের জন্য এটা অনেক গর্বের। আমার ছোট্ট ও সুন্দর স্লোভেনিয়াও গর্বিত।’
ঘুষ কেলেঙ্গারিতে উয়েফার সভাপতির পদ থেকে বরখাস্ত হন প্লাতিনি। দীর্ঘ দিন ইউরোপিয়ান ফুটবলের প্রধান কর্তা হিসেবে কাজ করা ফরাসি কিংবদন্তিও যোগ দিয়েছিলেন কংগ্রেসে। সেখানেই ভোটররা তার উত্তরসূরি হিসেবে বেছে নিয়েছেন স্লোভেনিয়ার সেফেরিনকে।
ইত্তেফাক/ এমএইচ
