দায়িত্ব পালনে ‘সুস্থ’ হিলারি

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৬, ১২:৩৬
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালনের জন্য হিলারি ক্লিনটন `সুস্থ ও কর্মক্ষম’ আছেন বলে দাবি করেছেন তার চিকিৎসক। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, প্রচারণা শিবিরের প্রকাশ করা হিলারির সর্বশেষ মেডিকেল তথ্যের সঙ্গে দেওয়া এক বিবৃতিতে তার চিকিৎসক এ কথা বলেছেন।
 
বিবৃতিতে বলা হয়, আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী নিউমোনিয়া থেকে ‘দ্রুত সেরে উঠছেন’।
 
একটি মেডিক্যাল চ্যাট শো’তে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নিজের স্বাস্থ্যগত তথ্য প্রকাশ করার পর হিলারির স্বাস্থ্যগত তথ্য প্রকাশ করা হয়। হিলারির সহযোগীরা জানান, আবারো বৃহস্পতিবার নির্বাচনী প্রচারণায় যোগ দেবেন তিনি।
 
শুক্রবার হিলারির নিউমোনিয়া ধরা পড়ে। তখন এ তথ্য প্রকাশ করা হয়নি। কিন্তু রবিবার নিউ ইয়র্কে বিশ্ব বাণিজ্য কেন্দ্রে হামলার ১৫তম বার্ষিকীর স্মরণ অনুষ্ঠানে ভারসাম্য হারিয়ে মূর্ছা যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হলে হিলারির অসুস্থতার খবর প্রকাশ পায়।
 
বুধবার হিলারির প্রচারণা শিবির জানায়, পুরো শরীর পরীক্ষায় হিলারির সবকিছু ‘স্বাভাবিক’ ও মানসিকভাবে তিনি ‘অসাধারণ অবস্থায়’ রয়েছেন বলে দেখতে পান চিকিৎসক। ডাক্তার লিসা বারদাক বলেন, ‘অ্যান্টিবায়োটিক ও বিশ্রামের কল্যাণে হিলারি দ্রুত সুস্থ হয়ে উঠছেন।‘ বিবিসি
 
ইত্তেফাক/এমএইচ