২০১৮ সালে আসছে কৃশ-৪

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৫১
হৃত্বিক রোশন ভক্তদের জন্য সুখবর। ফের পর্দায় দেখা যাবে ‘কৃশ’-কে। অন্তত তেমনই আশার কথা শোনালেন পরিচালক রাকেশ রোশন।
 
মুম্বাইতে সবে শেষ হয়েছে গণপতি উৎসব। সেখানে কৃষ-রূপী গণেশকে দেখেই না কি ফের কৃশের নতুন ছবি তৈরি করাটা মনস্থির করেন রাকেশ। এমনই জানিয়েছেন তিনি। রাকেশ রোশন বলেন, যখন আমার স্ত্রী কৃশ-রূপী বাপ্পার (গণপতি) ছবি দেওয়া টুইট দেখাল, আমি নিশ্চিত হলাম যে কৃশই হল আমাদের সত্যিকারের সুপারহিরো। আমি সঙ্গে সঙ্গে কৃষের চতুর্থ ছবি তৈরি করার মনস্থির করি। রাকেশ যোগ করেন, গণেশ সাধারণত শুভ সূচনার সঙ্গে জড়িত। আমার মনে হয়, এর চেয়ে শুভ কিছুই হতে পারে না।
 
রাকেশ জানান, কৃশ তৈরি করার জন্য প্রয়োজনীয় প্লট তাঁর মাথায় রয়েছে। এবার তাকে গল্পের রূপ দিতে হবে। তাঁর আশা, ছবির শুটিং আগামী বছর শুরু হবে এবং তা মুক্তি পাবে ২০১৮ সালের ক্রিসমাসের সময়ে। এরপরই, হৃত্বিক রোশন টুইটারে সেই কৃশ-রূপী গণেশের ছবি পোস্ট করে লেখেন, কৃশ-৪ এর ওপর গণপতির আশীর্বাদ। আশা করি সকলেই এই উৎসব উদযাপন করছেন, সকলকে ভালোবাসা। ইন্ডিয়ান এক্সপ্রেস।
 
ইত্তেফাক/এসএসএ