৬৫ বছর ও তার চেয়ে বেশি বয়সী বাংলাদেশিদের ভিসা পাওয়া আরো সহজ করেছে ভারত সরকার।
এখন থেকে যে কোনো ভিসা সেন্টারে গিয়ে তারা সরাসরি আবেদন জমা দিতে পারবেন বলে বৃহস্পতিবার ঢাকায় ভারতীয় হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, ১৮ সেপ্টেম্বর থেকে ৬৫ বছর ও তার চেয়ে বেশি বয়সী বাংলাদেশিদের টুরিস্ট ভিসার আবেদনের জন্য সাক্ষাৎকারের তারিখ/ই-টোকেন লাগবে না। বাংলাদেশে যে কোনো ভিসা সেন্টারে এসে তারা সরাসরি ভিসার জন্য আবেদন জমা দিতে পারবেন।
এর কয়েক সপ্তাহ আগেই ভারত সরকার বাংলাদেশি জ্যেষ্ঠ নাগরিকদের জন্য পাঁচ বছর মেয়াদী মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করেছে।
গত ৩০ অগাস্ট বাংলাদেশ থেকে প্রথম এই ভিসা সুবিধা পান গাজীপুরের ৬৮ বছর বয়সী মো. নুরুল হক আখন্দ।
গুলশানের কার্যালয়ে হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা তার হাতে ভিসা লাগানো পার্সপোর্ট তুলে দেন।
