অন অ্যারাইভাল ভিসা না দেয়ার সিদ্ধান্ত থেকে সরছে শ্রীলঙ্কা

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৬, ১০:০৯
বাংলাদেশিদের ‘অন অ্যারাইভাল’ ভিসা দেওয়া বন্ধের সিদ্ধান্ত থেকে সরে এসেছে শ্রীলঙ্কা। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী হর্ষ ডি সিলভা বাংলাদেশিদের জন্য এই ভিসা সুবিধা অব্যাহত রাখার কথা জানিয়েছেন।
 
উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রীলঙ্কা সরকার বাংলাদেশিদের অন অ্যারাইভাল ভিসা বন্ধ করার কোন সিদ্ধান্ত নেয়নি। ইমিগ্রেশন দপ্তরের প্রধান নিজেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন। তাকে অন অ্যারাইভাল ভিসা অব্যাহত রাখতে বলা হয়েছে।
 
এর আগে কোন রকম নোটিশ ছাড়াই কলম্বোতে বাংলাদেশিদের অন অ্যারাইভাল ভিসা দেয়া বন্ধ করে দেয়া হয়। এতে কলম্বো বিমান বন্দরে ভোগান্তিতে পড়ে বাংলাদেশিরা। দেশটির স্থানীয় একটি অনলাইন সংবাদমাধ্যম জানায়, আইএস জঙ্গিদের শ্রীলঙ্কায় প্রবেশ ঠোকানোর কথা বলে কাজটি করা হয়।
 
অন অ্যারাইভাল ভিসা বন্ধ করার কারণ জানতে শ্রীলঙ্কার রাষ্ট্রদূতকে ইয়াসোজা গুনাসাকেরাকে ডেকে পাঠায় ঢাকার পররাষ্ট্র দফতর। সন্তোষজনক জবাব না পাওয়ার প্রেক্ষিতে বাংলাদেশও শ্রীলঙ্কানদের জন্য ভিসা সুবিধাটি বন্ধ করে দেয়।