বাংলাদেশ ন্যাশনাল এ্যালায়েন্স-বিএনএ ও তৃণমূল বিএনপির চেয়ারম্যান ব্যারিস্টার নাজমূল হুদা বলেছেন, 'কোনো অনির্বাচিত সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করার প্রশ্নই ওঠে না। কারণ, তা হবে সংবিধান পরিপন্থী।'
বিএনপি'র মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরের তত্ত্বাবধায়ক অথবা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি প্রসঙ্গে শুক্রবার এক বিবৃতিতে তিনি এ প্রতিক্রিয়া জানান।
নাজমূল হুদা বলেন, 'সংবিধানের অনুশাসন অনুযায়ী ক্ষমতাসীন নির্বাচিত সরকারকেই জাতীয়ভাবে নিরপেক্ষ নির্বাচন করতে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে সরকারের মেয়াদ শেষ হওয়ার পূর্বেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব পালন করতে হবে।'
বর্তমান সরকারকেই এই নিরপেক্ষ সরকারের ভূমিকা পালন করতে হবে জানিয়ে তিনি বলেন, 'পবিত্র সংবিধান কর্তৃক অর্পিত এই মহান দায়িত্ব পালনে সরকার ব্যর্থ হলে জাতির কাছে তাদের জবাবদিহি করতে হবে।'
বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই দাবী পূরণে সরকারের কোনো হঠকারী সিদ্ধান্ত ৩১দলীয় রাজনৈতিক জোট -বিএনএ কোনোমতেই মেনে নেবে না বলে বিবৃতিতে উল্লেখ করেন তিনি। -বাসস।
ইত্তেফাক/এসএস
