হারে ইউরোপা অভিযান শুরু ম্যান ইউর

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৬, ২০:১৩
তারকা খচিত দল নিয়েও নিষ্প্রভ খেলার কারণে ম্যানচেষ্টার ইউনাইটেডের ইউরোপা লিগ অভিযান শুরু হলো হার দিয়ে। গত বৃহস্পতিবার রাতে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের ক্লাব ফেইনুর্দ তাদের ১-০ গোলে হারিয়ে দেয়।
 
কোচ হোসে মরিনহো বিপক্ষের মাঠে অনুষ্ঠিত খেলাটিতে আটটি পরিবর্তন এনেছিলেন। কিন্তু ম্যানচেষ্টার সিটির বিরুদ্ধে হারা দলটিতে এতগুলো বদল এনেও ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারেননি তিনি। প্রথমার্ধে অ্যান্থনি মার্শালের শট পোস্ট ঘেষে যাওয়া ছাড়া আর কিছুই করতে পারেনি ইউনাইটেড।
 
জ্লাতান ইব্রাহিমোভিচকে মাঠে নামিয়েও পরিস্থিতির উন্নতি ঘটানো যায়নি। তার একটি হেডও বিফলে যায়। বিপরীতে নিকোলাই জোরগেনসেন অফসাইডে থেকে যে ক্রস নেন, তা থেকে ৭৯তম মিনিটে টনি ভিলহেনা গোলটি করেন। ইব্রাহিমোভিচ সমতা ফেরানোর সুযোগ পেয়েছিলেন। কিন্তু তার ফ্রিকিকটি দ্বিতীয় চেষ্টায় লুফে নিতে সক্ষম হন লিভারপুলের সাবেক গোলরক্ষক ব্রাড জোনস।
 
এই প্রথম ইউরোপে টানা চারটি খেলায় বিপক্ষের মাঠে হারলো ইউনাইটেড।
 
বিশ্ব রেকর্ড ফিতে জুভেন্টাস থেকে আবার ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেয়া পল পগবাও ভাল কিছু করে দেখাতে পারেননি। তারপরও প্রথমার্ধের তুলনায় বিরতির পর তাকে কিছুটা হুমকি হয়ে উঠতে দেখা যায়। কিন্তু সাফল্য বলতে গোটা দুই দুর থেকে নেয়া শট।
 
ইংল্যান্ড ফরোয়ার্ড ওয়েন রুনিকে এ মৌসুমে ইউনাইটেডের মুল স্ট্রাইকারদের পেছনে খেলানো হলেও এ সফরের জন্য বিশ্রামে রাখা হয়। মরিনহো জানিয়েছিলেন তার কাছে অন্য ‘সমাধান’ ছিল। কিন্তু তার অবর্তমানে অন্যদের বাজে খেলা কোচের কোন কাজে আসেনি।
 
সব কিছু মিলিয়ে পর্তুগীজ কোচটি ৬৩ মিনিটের পর ইব্রাহিমোভিচ, মেম্ফিস ডেপায় ও অ্যাশলি ইয়ংকে নামান। সুইডিশ স্ট্রাইকার ইব্রাহিমোভিচ মাঠে নেমে আক্রমনের তীব্রতা বাড়ালেও সেসব থেকে কোন গোল হয়নি।
 
ইউনাইটেডের দুর্গতির জন্য অবশ্য ইংলিশ লিগে খেলে আসা ফেইনুর্দের কয়েকজন খেলোয়াড় অবদান রাখেন। এই যেমন ডাচ লিগে মৌসুমের প্রথম পাচ খেলাতেই টানা জয় পাওয়া ক্লাবটির কোচ হলেন আর্সেনাল ও বার্সেলোনার সাবেক লেফট ব্যাক জিওভান্নি ফন ব্রোঙ্কহোস্ট, দলটিতে থাকা সাবেক লিভারপুল খেলোয়াড় ডার্ক কাউয়ুট ও জোন্স। ডার্ক ২০১১ সালে অ্যানফিল্ডে অতিথি ইউনাইটেডের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন।
 
এখন মরিনহোর সামনে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেষ্টার সিটির কাছে পরাজয়ের ধাক্কা সামলে ওঠার পালা। সে লক্ষ্যে ইউনাইটেড আগামিকাল রবিবার ওয়ার্টফোর্ডের মাঠে খেলতে যাবে। কোচ জানিয়েছেন তারা এত পরিবর্তন না এনে স্বাভাবিক দল নিয়েই সেখানে খেলতে যাবেন।
 
ই্ত্তেফাক/এমএইচ