বনানীতে রিকশাচালককে গুলির ঘটনায় অস্ত্রসহ গ্রেফতার ১

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৬, ২১:০২
 
রাজধানীর মহাখালীতে এক রিকশাচালককে গুলির ঘটনায় যুবলীগ নেতা ইউসুফ সরদার সোহেল ওরফে সুন্দরী সোহেলকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার সঙ্গে থাকা লাইসেন্সকৃত একটি পিস্তল জব্দ করা হয়েছে। পরে শুক্রবার দুপুরে তাকে আদালতে হাজির করা হয়। 
 
অপর দিকে এ ঘটনায় জড়িত সন্দেহে তার সহযোগী শাহ আলমকে গ্রেফতারের চেস্টা চালাচ্ছে পুলিশ। গ্রেফতারকৃত ইউসুফ সরদার সোহেল ওরফে সুন্দরী সোহেল বনানী থানা যুবলীগের যুগ্ম আহবায়ক। আর পলাতক শাহ আলমও যুবলীগ নেতা।
 
বনানী থানা সূত্র জানায়, রিকশাচালককে গুলির মামলায় সুন্দরী সোহেলকে শুক্রবার গুলশানের হোটেল আমারী থেকে গ্রেফতার করা হয়। এসময় তার লাইসেন্সকৃত পিস্তলটিও জব্দ করা হয়। এ মামলায় অপর আসামি সোহেলের সহযোগী শাহ আলমকেও খোঁজা হচ্ছে। 
 
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে মহাখালীর আমতলী মোড়ে বনানী ২ নম্বর রোডের মাথায় রিকশাচালক কবির হোসেন দুই যাত্রীর হামলার শিকার হন। যাত্রীরা তার পায়ে গুলি করে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 
 
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ কবির হোসেন জানান, গুলশান থেকে দু’জন যাত্রী নিয়ে তিনি বনানীর দুই নম্বর রোডের মাথায় (আমতলী মোড়) যান। ভাড়া না দিয়ে রিকশা থেকে নেমে হাটা শুরু করেন তারা। এসময় ভাড়া চাইলে তারা কবিরের পায়ে গুলি করে চলে যান। পরে তার পরিচিত চাঁন মিয়া তাকে নিয়ে ঢামেক হাসপাতালে ভর্তি করেন। 
 
এ ঘটনায় শুক্রবার সুন্দরী সোহেল ও শাহ আলমকে আসামি করে তিনি বনানী থানায় একটি মামলা করেন।
 
 
ইত্তেফাক/কেকে