মতিঝিলে গুলিতে আহত যুবলীগ কর্মীর মৃত্যু

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৬, ১১:১১
 
রাজধানীর মতিঝিলের এজিবি কলোনিতে দুর্বৃত্তদের গুলিতে আহত যুবলীগকর্মী রিজভী হাসান বাবু (৩৪) মারা গেছেন। শনিবার ভোররাতে অ্যাপোলো হাসপাতালে তিনি মারা যান। বাবু ১০ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন। 
 
সম্ভাব্য ওয়ার্ড যুবলীগের কাউন্সিলকে কেন্দ্র করে সাধারণ সম্পাদক প্রার্থীদের মধ্যে দ্বন্দ্বের জের ধরে এই ঘটনা ঘটেছে।
 
জানা গেছে, সরকারি এজিবি কলোনি (আইডিয়াল জোন) এর একটি ক্লাব ঘরে গতকাল রাতে আহসানুল হক ইমন, রিজভী হাসান বাবুসহ কয়েকজন বসে আড্ডা দিচ্ছিলেন। রাত সাড়ে ১১টার দিকে ৫-৬ জন দুর্বৃত্ত সেখানে এসে ইমন ও বাবুকে গুলি করে চলে যায়। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। 
 
হাসপাতাল সূত্র জানায়, ইমনের বাম হাত, বাম পাঁজর ও ডান উরুতে তিনটি গুলিবিদ্ধ হয়েছে। আর বাবুর মুখের বাম পাশে গুলিবিদ্ধ হয়েছে।
 
দুইজনকেই প্রথমে ঢাকা মেডিকেলে নেয়া হয়েছিল। পরে সেখান থেকে বাবুকে অ‌্যাপোলোতে নেয়া হয়।
 
মতিঝিল থানার এসআই মুনিবুর রহমান জানান, অ‌্যাপোলো হাসপাতালে নেওয়ার পর ভোররাতে রিজভী হাসান বাবু নামে একজনের মৃত‌্যু ঘটে। আহত অন‌্যজন আহসানুল হক ইমন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
 
মতিঝিল থানার ওসি ওমর ফারুক জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।