'বিদেশে গিয়ে যখন 'ধর্ষণের দেশ ভারত' জাতীয় কথা শুনতে হয়, তখন ভীষণই খারাপ লাগে' বলে জানিয়েছেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন।
সুজিত সিরকার প্রযোজিত, অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত ও অমিতাভ অভিনীত 'পিঙ্ক' ছবির এক প্রমোশনাল অনুষ্ঠানে কথাগুলো বলেন এই তারকা।
অমিতাভ জানান, ভারতকে প্রথম সারির রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে দেশবাসীকে আরও কঠোর পরিশ্রম করতে হবে।
এই অভিনেতা আরও বলেন, 'এটা অত্যন্ত বিব্রতকর, যখন আমরা বিদেশে যাই, আর সেখানকার মানুষ বলেন, আপনি ধর্ষণের দেশ ভারত থেকে এসেছেন।'
বিগ বি যোগ করেন, 'আমি চাই এটা (অপবাদ) ঘুচুক। আমি চাই না, লোকে আমাদের তৃতীয় বিশ্বের দেশ বা উন্নয়নশীল দেশ বলুক। ভারতকে উন্নত রাষ্ট্রে এবং প্রথম বিশ্বের রাষ্ট্রে পরিণত করতে দেশবাসীকে আরও কাজ করতে হবে।'
অমিতাভের মতে, 'দেশের প্রতিটা অঞ্চল মহিলাদের জন্য নিরাপদ হতে হবে।
তিনি বলেন, 'আমি এটা বলতে চাই না, দিল্লির চেয়ে মুম্বাই বেশি নিরাপদ বা উল্টো-টা। আমরা একটা দেশ। আর এদেশের যে কোনও প্রান্তে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।'
ইত্তেফাক/এএম
