বন্ধুকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে বন্ধু।ঘটনাটি ঘটে ময়মনসিংহের নান্দাইলে।
নিহতের নাম সোহেল মিয়া (২৫)। হত্যায় অভিযুক্ত আসামি হলেন শাহাবুদ্দিন (২৮)। রবিবার আসামিকে ময়মনসিংহ জেল হাজতে পাঠানো হয়েছে।
এলাকাবাসী জানায়, শনিবার বিকালে পৌরসভার আচারগাঁও ঝাউগড়া এলাকার ওসমানের ছেলে শাহাবুদ্দিন তার বন্ধু চারিআনিপাড়া গ্রামের আবুল কাসেমের ছেলে সোহেল মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে তাদের মধ্যে পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে শাহাবুদ্দিন ধারালো অস্ত্র নিয়ে এলোপাথাড়ি কুপিয়ে সোহেলকে গুরুতর আহত করে। ঘটনার পরপর এলাকাবাসী তাকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
আরো পড়ুন: বাসচাপায় শিক্ষার্থী হত্যা: সিলেটে ফুঁসে উঠেছে ছাত্রসমাজ
এদিকে সোহেলের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে সন্ধ্যার দিকে শাহাবুদ্দিন নান্দাইল মডেল থানায় হাজির হয়ে খুনের ঘটনা বিস্তারিত পুলিশ বলে। পরে পুলিশ তাকে আটক করে।
অভিযুক্ত ঘাতক শাহাবুদ্দিন পুলিশকে জানায়, তার সঙ্গে নিহত সোহেলের বোনের সম্পর্ক থাকায় তাকে টাকা ধার দিতো। কিন্তু এভাবে অনেক টাকা নিয়ে সোহেল ফেরত না দিয়ে টালবাহানা করতে থাকে। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ঘটনাটি ঘটে।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ইসলাম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
ইত্তেফাক/জেডএইচ
