জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি নূর চৌধুরীর প্রত্যর্পণ বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে সম্মত হয়েছে কানাডা ও বাংলাদেশ। শনিবার বাসসের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বঙ্গবন্ধু হত্যার দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত নূর চৌধুরী কানাডায় লুকিয়ে আছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার হায়াত রিজেন্সি মন্ট্রিয়ল হোটেলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর দ্বিপাক্ষিক বৈঠকে এই বিষয়ে সমঝোতা হয়। বৈঠকের পর পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বিষয়টি জানান।
দুই দেশের কর্মকর্তারা বৈঠকে বসবেন এবং একটি সমাধান বের করবেন। আলোচনার লক্ষ্য হবে নূর চৌধুরীকে বিচারের মুখোমুখি করা এবং বঙ্গবন্ধু মামলার রায় কার্যকর করা।
তিনি বলেন, সরকার বিভিন্নভাবে নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে নিয়ে আসার ব্যাপারে চেষ্টা করছে। দুই দেশের কর্মকর্তাদের বৈঠকের মধ্য দিয়ে প্রত্যর্পণের বিষয়ে নতুন দ্বার উন্মোচন করবে।
ইত্তেফাক/এএসএস/এমআই
