এক রিয়েলিটি শো দিয়ে মিডিয়ায় আসা। তারপর আরেকটি শো এর উপস্থাপনা করা। এরপর বড় পর্দায়। বাংলাদেশের তরুণ দর্শকদের কাছে বেশ পরিচিত নাম এখন মিম চৌধুরি। ম্যাংগোলি সেরা নাচিয়ে এবং চ্যানেল আই সেরা নাচিয়ের উপস্থাপিকা ছিলেন মিম। অভিনয় করেছেন শাকিব খানের বিপরীতে একটি চলচ্চিত্রে।
সম্প্রতি তিনি অভিনয় করলেন নির্মাতা নাসিম সাহনিকের গোয়েন্দাভিত্তিক চলচ্চিত্র ‘গোয়েন্দাগিরি’তে। চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কল্যাণ কোরাইয়া, সীমান্ত আহমেদ, প্রিন্স রাজন, তানিয়া বৃষ্টি, কচি খন্দকার, তারেক মাহমুদ, টুটুল চৌধুরি, রুবেল, শিখা খান, লাক্স তারকা চৈতি, শম্পা হাসনাইনসহ আরো অনেকে।
চলচ্চিত্রটির গল্পে দেখা যায়, একদল শখের গোয়েন্দা ছুটিতে বেড়াতে যায়। ওরা যেখানে বেড়াতে যায় তার পাশেই বনের মাঝে অবস্তিত একটি পুরনো জমিদার বাড়িতে শুটিং করার কথা ছিল বাংলাদেশের বিখ্যাত পরিচালকের। সেখানে অভিনয় করার কথা ছিল দেশের নাম করা অভিনেত্রীর। কিন্তু ভূতের কারণে শুটিং ক্যানসেল হয়। গুম হয় পরিচালকের একজন সহকারী এবং আরেকজন আহত অবস্থায় ফিরে আসে। মিডিয়ায় আলোচনা শুরু হয়। আর এই আলোচিত রহস্যজনক ঘটনা নিয়েই গোয়েন্দারা শুরু করে তাদের প্রথম গোয়েন্দা অভিযান। গোয়েন্দাগিরিতে যোগ দেয় স্থানীয় শখের নারী গোয়েন্দারাও। এভাবে রহস্য , রোমান্স ,সান্সপেন্স আর কমেডির মিশ্রণে এগিয়ে যায় গল্প।

মিম বলেন, ‘চলচ্চিত্রের অনেক প্রস্তাব থাকলেও করা হয়নি। কিন্তু গোয়েন্দাগিরি চলচ্চিত্রটির কাহিনী অনেক আলাদা। হরর থ্রিলারধর্মী। চিত্রনাট্য অসাধারণ। এইজন্য কাজটি করতে রাজি হয়েছি। এখানে আমার চরিত্রের নাম গোয়েন্দা পিংকি। পিংকি অনেকটা জনপ্রিয় কমিক ক্যারাকটের ‘পিংকি’র মতো। বেশ চঞ্চল একটা মেয়ে। সারাক্ষণ ফেসবুকিং আর গসিপিং নিয়ে থাকে। সিডনী শেলডন আর শার্লক হোমসের ফ্যান সে।’
শ্যুটিংয়ের মজার অভিজ্ঞতা নিয়ে মিম বলেন, ‘মানিকগঞ্জে জমিদার বাড়িতে শুটিংয়ের সময় অনেক মজা হয়েছে। মনেই হয়নি সিনেমার শ্যুটিং। যেন পিকনিক করছি। দর্শক চলচ্চিত্রটি দেখে মজা পাবে আশা করা যায়।’
বর্তমানে কি নিয়ে ব্যস্ত আছেন জানতে চাইলে মিম বলেন, ‘নাটক আর বিজ্ঞাপনে নিয়মিত কাজ করছি। এই ঈদেও আমার বেশ কয়েকটি নাটক প্রচারিত হচ্ছে। আর সিনেমার ভালো প্রস্তাব পেলে অবশ্যই কাজ করবো।’
বাংলাদেশে গোয়েন্দা বিষয়ক ছবি খুব একটা হয়নি বললেই চলে। সেক্ষেত্রে গোয়েন্দাগিরি এই চ্যালেঞ্জ কতটা মোকাবেলা করতে পারবে এমন প্রশ্নে মিমের উত্তর, নাসিম ভাই খুবই ভালো পরিচালক। আমরা সর্বোচ্চ দেয়ার চেষ্টা করেছি। আশা করি দর্শক নতুন কিছু খুঁজে পাবেন এবং তাদের ভালো লাগবে।’
গোয়েন্দাগিরি চলচ্চিত্রটি প্রযোজনা করেছে নোমান ফিল্মজ। চলচ্চিত্রটির শুটিং এবং ডাবিং শেষ। পরিচালক ও প্রযোজনা সংস্থা এখন প্রস্তুতি নিচ্ছেন ছবিটি রিলিজের। ঈদের পরেই চলচ্চিত্রটি মুক্তি দেয়ার চেষ্টা চলছে।
ইত্তেফাক/এমএইচ
