মহাসড়কে অটোরিকশায় গ‌্যাস নেওয়ার সময় বাড়ল ১ ঘণ্টা

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৬, ১৬:১৬
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মহাসড়কে ফিলিং স্টেশন থেকে অটোরিকশায় সিএনজি নেওয়ার সময় এক ঘণ্টা বাড়ানোর ঘোষণা দিয়েছেন।
 
আজ শনিবার চট্টগ্রাম সার্কিট হাউসে সিএনজিচালিত অটোরিকশা মালিক-শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি মহাসড়কে অটোরিকশায় গ‌্যাস নেওয়ার সময় সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত করার ঘোষণা দেন।
 
দুর্ঘটনা বেড়ে যাওয়ায় গত বছর সব জাতীয় মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচলে সরকার নিষেধাজ্ঞা দিলে বিক্ষোভে নামেন চালকরা।
 
বিক্ষোভ-প্রতিবাদের মধ্যেই সরকার প্রতিদিন সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত মহাসড়ক সংলগ্ন ফিলিং স্টেশন থেকে অটোরিকশার গ‌্যাস সংগ্রহের সময় বেঁধে দেয়।
 
চট্টগ্রামের সভায় মন্ত্রী দেশের ২২টি মহাসড়কে অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়টি তুলে ধরে বলেন, মহাসড়কে এসব ছোট যানগুলোর জন্য দুর্ঘটনা ঘটছে। 
 
দেশে বিভিন্ন ছোট সড়কে কয়েখ লাখ ইজি বাইক চলাচল করে জানিয়ে তিনি বলেন, ব্যাটারিচালিত ইজি বাইক ও রিকশার বিষয়ে হাই কোর্টের নিষেধাজ্ঞা আছে। সেগুলো শহরে চলতে দেওয়া হবে না। সেগুলো গ্রামে চলুক, ফিডার রোডে। 
 
তবে মন্ত্রী রোগী বহনকারী ও জানাজায় যাওয়ার সময় অটোরিকশাগুলোকে ছাড় দেয়ার নির্দেশ দিয়েছেন।