পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি জেনারেশন নেক্সট ফ্যাশনস-এর নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন বিশেষভাবে নিরীক্ষা করবে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
কারণ কমিশন মনে করছে, আয় বাড়িয়ে দেখানোর জন্য অবচয় ব্যয় বাদ দেয়ার লক্ষ্যে আর্থিক প্রতিবেদনে কিছু বিষয় গোপন করা হয়েছে। এজন্য বিএসইসির সর্বশেষ কমিশন সভায় কোম্পানিটির আর্থিক প্রতিবেদনের ওপর বিশেষ নিরীক্ষা চালানোর সিদ্ধান্ত নেয়া হয়।
বিশেষ নিরীক্ষার জন্য নিরীক্ষা প্রতিষ্ঠান এ কাশেম অ্যান্ড কোম্পানিকে মনোনীত করা হয়েছে। বিএসইসির আশঙ্কা, আয় বাড়িয়ে দেখানোর বাইরে কোম্পানিটি বিদ্যমান প্রকল্প সংস্কার ও সম্প্রসারণের কাজ তাদের সহযোগী প্রতিষ্ঠানকে দিয়ে করিয়েছে এবং এর মাধ্যমে অতিরিক্ত অর্থ ব্যয় হয়েছে।
জানা গেছে, ২০১৪ সালে তিনটি সাধারণ শেয়ারের বিপরীতে দুটি রাইট শেয়ার ইস্যু করে বাজার থেকে ১১২ কোটি ৪৭ লাখ টাকা সংগ্রহ করে কোম্পানিটি। রাইট অফার ডকুমেন্টে এ অর্থের মধ্যে ৪৫ কোটি ৯৭ লাখ টাকায় ব্যাংকঋণ পরিশোধ এবং বিদ্যমান প্রকল্প সংস্কার ও আধুনিকায়নে (বিএমআরই) ৬০ কোটি টাকা ব্যয়ের ঘোষণা দেয় কোম্পানি।
ইত্তেফাক/কেকে
