বিসিসি'র ভারপ্রাপ্ত মেয়রের বিরুদ্ধে থানায় জিডি

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৬, ০৯:০৪
 
বরিশাল সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভে হামলার অভিযোগে ভারপ্রাপ্ত মেয়র মোশারেফ আলী খান বাদশার বিরুদ্ধে থানায় জিডি করা হয়েছে।
 
বৃৃহস্পতিবার রাতে অতি গোপনে বিসিসি'র সমাজ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা রাসেল খান বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরিটি করেন। রবিবার ভোরে ঐ জিডি'র তদন্তে কোতয়ালী পুলিশ নগর ভবনে গেলে বিষয়টি জানা যায়।
 
ডায়েরিতে উল্লেখ করা হয়েছে- সিটি মেয়র আহসান হাবিব কামাল দেশের বাইরে থাকায় ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন মোশারেফ আলী খান বাদশা।
 
ঈদের পূর্বে বিসিসি'র কর্মকর্তা-কর্মচারীরা তাদের বকেয়া বেতনের দাবিতে নগর ভবনে বিক্ষোভ করেন। এ সময় প্যানেল মেয়র মোশারেফ আলী খান বাদশা বহিরাগত লোকজন নিয়ে এসে কর্মচারীদের উপর হামলা চালায়। তারা সমাজ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা রাসেল খানকে পিটিয়ে গুরুতর আহত করে।
 
এই ঘটনা বিভিন্ন গনমাধ্যমে প্রকাশিত হলে রাসেল খানকে ভারপ্রাপ্ত মেয়র মোশারেফ আলী খান বাদশা নানা ভাবে হুমকি দেয়। এর ফলে রাসেল খান জীবন শঙ্কায় রয়েছেন বলে ডায়েরিতে উল্লেখ করে নিরাপত্তার দাবি জানান।