পিছিয়ে পড়েও বায়ার্ন মিউনিখের জয়

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৬, ১০:৪০
আরেকটি জয়ে বুন্দেসলিগার শীর্ষস্থান মজবুত করলো জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। শনিবার নিজেদের মাঠ অ্যালিনাঞ্জ অ্যারেনায় ইনগোলসটাডের বিপক্ষে ৩-১ গোলের জয় নিশ্চিত করে তারা।
 
তবে এদিন শুরুতেই হোঁচট খেতে হয় স্বাগতিকদের। ইনগোলসটাডের হয়ে খেলার অষ্টম মিনিটে লেজকানোর গোলে পিছিয়ে পড়ে বায়ার্ন (১-০)। অবশ্য ম্যাচে ফিরতে খুব বেশি সময় নেয়নি স্বাগতিকরা। ১২ মিনিটের মাথায় বায়ার্নের গোলমেশিন লেভানোডফস্কি দলকে সমতায় ফেরান (১-১)। পোলিশ এই তারকার গোলে সহায়তা করেন ফ্রাঙ্ক রিবেরি।
 
এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে বায়ার্নের হয়ে গোল করেন জাবি অলোনসো (২-১)। এই গোলেও এসিস্ট ছিল রিবেরির।
 
৮৪ মিনিটের মাথায় ইনগোলসটাডের জালে তৃতীয়বার বল পাঠান রাফিনহা (৩-১)।  এবারও রিবেরির এসিস্ট। তিন ম্যাচের তিনটিতে জিতে মোট ৯ পয়েন্ট সংগ্রহ করে বায়ার্ন।
 
ইত্তেফাক/এমএইচ