রবিবার শুরু টাইগারদের অনুশীলন ক্যাম্প

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৬, ২০:১৩
টানা ১১ দিনের ছুটি কাটিয়ে আবার শুরু হচ্ছে মাশরাফিদের অনুশীলন ক্যাম্প। রবিবার বিকেল চারটায় ক্যাম্পে রিপোর্ট করবেন আফগানিস্তান এবং ইংল্যান্ড সিরিজের জন্য ওয়ানডে দলে ডাক পাওয়া ২০জন ক্রিকেটার।
 
এর আগে গত ২০জুন থেকে প্রাথমিক ক্যাম্পের থাকা ৩০জন ক্রিকেটারকে নিয়ে টানা এক মাস হয় মাশরাফিদের কন্ডিশনিং ক্যাম্প। ঈদ-উল-আযহার ছুটিতে যাবার আগ পর্যন্ত বাকি কয়দিন করেন স্কিল ট্রেনিং।
 
তবে ঈদের ছুটিতে যাওয়ার আগে প্রাথমিক তালিকা ৩০ জন থেকে কমিয়ে ২০ জনে নামিয়ে আনে বিসিবি। তাদের নিয়েই শুরু হবে সর্বশেষ প্রস্তুতি ক্যাম্প। রিপোর্ট করার পর বিকেলেই ফ্লাডলাইটের আলোয় চলবে বাংলাদেশ দলের ক্রিকেটারদের অনুশীলন।
 
শনিবার সকাল ১০টায় ক্যাম্প পরিচালনার জন্য ঢাকায় এসে পৌঁছেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তার সঙ্গে এসেছেন শ্রীলংকার সাবেক টেস্ট ব্যাটসম্যান থিলান সামারাভিরাও। টাইগারদের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করবেন তিনি।
 
এছাড়াও ঢাকায় ফিরেছেন ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসল। 
 
ইত্তেফাক/এমএইচ