রাজশাহীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডাদেশ

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৩৮
যৌতুক দাবিতে স্ত্রী সীমা খাতুনকে পিটিয়ে হত্যার দায়ে স্বামী সুজন আলীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
 
রবিবার দুপুরে রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন আদালতে-২ এর বিচারক কেএম শহীদ আহাম্মেদ এই রায় দেন। এই মামলায় অপর দুই আসামি সুজনের বাবা সামসুদ্দিন এবং মা মেহেরনিগারকে খালাস দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আসামি আদালতে হাজির ছিলেন।
 
মামলার সংক্ষিপ্তি বিবরণে জানা গেছে, ২০১৩ সালের ১ মার্চ রাজশাহীর দূর্গাপুর উপজেলার পলাশবাড়ী গ্রামের সুজন আলী তার স্ত্রী সীমা খাতুনকে শ্বাসরোধে হত্যা করেন। সুজন যৌতুকের দাবিতে তাকে দীর্ঘদিন ধরে নির্যাতন করতেন। এ ঘটনায় সীমার বাবা রেজাউল হক দূর্গাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
 
মামলার বাদী পক্ষে আইনজীবী ছিলেন ইসমত আরা এবং বিবাদী পক্ষে ছিলেন আবদুল হামিদ মুক্তা।
 
ইত্তেফাক/ইউবি