শীর্ষ নেতাদের মামলা রাজনৈতিকভাবে মোকাবেলা করবো: মির্জা ফখরুল

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৬, ২০:০৫
আইনি লড়াইয়ের পাশাপাশি দলের চেয়ারপারসনসহ শীর্ষ নেতাদের  বিরুদ্ধে মামলা রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 
 
আজ রবিবার নয়াপল্টনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফখরুল একথা বলেন।
 
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দলের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা আইনি লড়াইয়ের পাশাপাশি রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। আগে আমরা এ ইস্যুতে আন্দোলন করেছি। আমরা আবারও এই বিষয়টি নিয়ে কথা বলছি। এই ব্যাপারে যতটুক সম্ভব আমরা রাজনৈতিকভাবে মোকাবেলার চেষ্টা করব।
 
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দলের শীর্ষ নেতাদের প্রায় সবার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলাসহ বেশ কয়েকটি মামলা নিম্ন আদালতে বিচার প্রক্রিয়ার শেষ পর্যায় আছে।