চলতি মৌসুমে প্রথম হারের মুখ দেখল ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। রবিবার ইন্টারের মাঠে ২-১ গোল হেরে যায় তারা। অন্যদিকে প্রথম দুই ম্যাচে ১ পয়েন্ট পাওয়া ইন্টারের এটা লিগে টানা দ্বিতীয় জয়। ম্যাচের শুরু থেকে ইন্টার তুলনামূলক ভালো খেললেও প্রথমে গোল পায় জুভেন্টাস। গোলশূন্য প্রথমার্ধের পর ৬৬তম মিনিটে কাছ থেকে বল জালে জড়ান সুইস ডিফেন্ডার স্টেফান লিখস্টেইনার।
যখন টানা চতুর্থ জয়ের দিকে যাচ্ছে জুভেন্টাস তখনই ৬৮ মিনিটে কর্নারে হেড করে ইন্টারকে সমতায় ফেরান আর্জেন্টিনার ফরোয়ার্ড মাউরো ইকার্দি। আর ৭৮তম মিনিটে দলের জয়সূচক গোলটি করেন ক্রোয়েশিয়ার মিডফিল্ডার ইভান পেরিসিচ। এই জয়ে চার ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে ইন্টার।
এই হারে শীর্ষস্থান হারাতে হয়েছে তুরিনের ওল্ড লেডিকে। শনিবার বোলোনিয়াকে ৩-১ গোলে হারানো নাপোলি ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে চলে আসছে। চার ম্যাচে জুভেন্টাসের পয়েন্ট ৯।
ইত্তেফাক/এমএইচ
