শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ইভটিজিং প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাতায়াতসহ ছাত্রীদের চলা-ফেরায় সর্বাত্মক নিরাপওা বিধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে ।
সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সকল শিক্ষাপ্রতিষ্ঠানসহ দেশের সর্বত্র ইভটিজিং প্রতিরোধে করণীয় বিষয় নির্ধারণে এ বৈঠকের আয়োজন করা হয়।
শিক্ষামন্ত্রী বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে এমনকি শহর এলাকাতেও স্কুল-কলেজগামী ছাত্রীদের উত্ত্যক্তকারী ও তাদের ওপর সন্ত্রাসীদের হামলার ঘটনা অভিভাবকদের বিচলিত করে।
সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের ফলে ছাত্রীদের ওপর সহিংসতার ঘটনা অনেক কমে এসেছে উল্লেখ করে তিনি বলেন, ‘পত্র-পত্রিকায় এখনো সন্ত্রাসীদের হাতে ছাত্রী লাঞ্চনার খবর আমাদের উদ্বিগ্ন করে।’
ইত্তেফাক/এএম।
