কিশোরগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৩১
কিশোরগঞ্জ সদর ও নিকলী উপজেলায় বজ্রপাতে দুই জেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে।  সোমবার দুপুরের দিকে বজ্রপাতে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছে আরো দুই জেলে।
 
নিহতরা হলেন- নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের সাজনপুর গ্রামের আলী হোসেনের ছেলে নূরুল ইসলাম (২০), মৃত সুনাম উদ্দিনের ছেলে রুস্তম আলী (৩৬) ও কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের কাটাখালী গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে  নিজাম উদ্দিন।
 
আহত সাজনপুর গ্রামের ফজলু মিয়ার ছেলে মোকারম হোসেন (২২) ও ওসমানের ছেলে আসাদ মিয়াকে (৩০) আশঙ্কাজনক অবস্থায় বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
পুলিশ ও এলাকাবাসী জানায়, সোমবার দুপুরে নিকলীর ছাতিরচর হাওরে মাছ ধরছিলেন স্থানীয় চার জেলে। এ সময় বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত শুরু হলে গুরুতর আহত হন চার জেলে। আশঙ্কাজনক অবস্থায় তাদের বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক নুরুল ইসলাম ও রুস্তম আলীকে মৃত ঘোষণা করেন।
 
এদিকে দুপুরের দিকে বাড়ির পাশে জমিতে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলে নিহত হন যশোদল কাটাখাল গ্রামের কৃষক নিজাম উদ্দিন।