কোচ হোসে মরিনহো দায়িত্ব নেয়ার পর ম্যানচেস্টার ইউনাইটেড ভক্তরা ভাবতে শুরু করেছিলেন, এই মৌসুমে হয়তো ভাগ্য বদলাবে তাদের। কোথায় কী! ম্যানচেস্টার ডার্বি ও ইউরোপা লিগে ফেয়েনুর্দের কাছে হারের পর ওয়াটফোর্ডের মাঠে ৩-১ গোলের লজ্জা বরণ করতে হলো স্বঘোষিত ‘স্পোশাল ওয়ান’-কে। এবার মরিনহোর কথাটা আশাহতই করবে রেড ডেভিল ভক্তদের। ইউনাইটেড নাকি এখনো প্রস্তুত নয়!
মরিনহো বলেন, ‘আমরা খুব ভালোভাবে মৌসুম শুরু করেছিলাম। কিন্তু আমি কি কখনো ভেবেছি যে, আমার দল প্রস্তুত, নিঁখুত কিবাং অপরাজেয়? মোটেই না।’ কোচ লুই ফন গল চলে যাওয়ার পর ভালোই শুরু করেছিলেন মরিনহো। কম্যুনিটি শিল্ড উচিয়ে ধরার পর ইংলিশ প্রিমিয়ার লিগে টানা তিন খেলায় জয়। কিন্তু এরপর টানা তিন হার মাটিতে নামিয়ে আনে ইউনাইটেড কোচকে। এর আগে ২০০২ সালে পোর্তোর কোচ থাকাকালীন সময়ে এক মৌসুমে টানা তিন খেলায় হেরেছিলেন মরিনহো।
দল গোছাতে আরো কিছুটা সময় চেয়ে মরিনহো বলেন, ‘আমি সম্পূর্ণভাবে সচেতন ছিলাম যে, আমার দল পুরোপুরি প্রস্তুত নয়। আমাদের অনেক ভালো খেলোয়াড় আছে, তারা শেষ হয়ে যায়নি। তারা কিছুটা ভুল করতে পারে। কিন্তু আশাহত হবার কিছু নেই।’
লিগে পাঁচ খেলায় নয় পয়েন্ট নিয়ে সাতে আছে ইউনাইটেড। সমান খেলায় ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি।-বিবিসি
ইত্তেফাক/এসএসএ
