শেখ হাসিনার সঙ্গে সু চির বৈঠক

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৬, ২২:৩৩
যুক্তরাষ্ট্রে মিয়ানমারের নেত্রী অং সান সু চির সঙ্গে বৈঠক হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
 
জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে অবস্থানরত দুই নেতা সোমবার সকালে বৈঠকে বসেন।
 
নিজ নিজ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় সংগ্রামী শেখ হাসিনা ও সু চিকে বৈঠকে আন্তরিকভাবে কথা বলেন। দুজনের বাবাই ছিলেন প্রতিবেশী দেশ দুটির স্বাধীনতা সংগ্রামের নায়ক।
 
মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠকটি জাতিসংঘ সদর দপ্তরে হয়।
 
দীর্ঘ সামরিক শাসনের অবসানের পর মিয়ানমারে গণতন্ত্র ফিরলেও সাংবিধানিক সীমাবদ্ধতার কারণে রাষ্ট্র কিংবা সরকার প্রধান হতে পারেননি সু চি। তিনি উপদেষ্টা এবং পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
 
শেখ হাসিনার সঙ্গে সু চির বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
 
প্রতিবেশী দেশটির সঙ্গে বাংলাদেশের শরণার্থী নিয়ে সমস্যা রয়েছে। মিয়ানমারের ৫ লাখের বেশি মুসলিম নাগরিক বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে কয়েক দশক ধরে।
 
কানাডা সফর শেষে রোববারই যুক্তরাষ্ট্রে পৌঁছান শেখ হাসিনা। বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনের সাধারণ আলোচনায় বক্তব্য দেবেন তিনি।
 
নিউ ইয়র্কে প্রথম কর্মসূচিতে সোমবার জাতিসংঘের সদর দপ্তরে উদ্বাস্তু ও অভিবাসনের ওপর সাধারণ পরিষদের প্ল্যানারি বৈঠকে ভাষণ দেন শেখ হাসিনা। এরপর তার সঙ্গে সু চির বৈঠক হয়।