আগামী ছয় বছরের জন্য টটেনহ্যাম হটস্পারের সাথে চুক্তি বৃদ্ধি করেছেন মিডফিল্ডার ডেলি আলি। ফলে ২০২২ সাল পর্যন্ত উত্তর লন্ডনের ক্লাবটির সাথে থেকে যাচ্ছেন ডেলি। সোমবার এই তথ্য নিশ্চিত করেছে ক্লাবটি।
২০১৫ সালের ফেব্রুয়ারিতে লোয়ার লিগের দল এমকে ডনস থেকে স্পারসে যোগ দেন ইংল্যান্ডের এই আন্তর্জাতিক মিডফিল্ডার। তারপর থেকে ২০ বছর বয়সী ডেলি প্রিমিয়ার লিগে হোয়াইট হার্ট লেনের হয়ে ৩৮ ম্যাচে ১১ গোল করেছেন ও নয়টিতে সহযোগিতা করেছেন।
সাম্প্রতিক সময়ে ডেলি ছাড়াও স্পারসদের হয়ে আরো চুক্তি নবায়ন করেছেন ক্রিস্টিয়ান এরিকসেন, এরিক ডিয়ার, টম ক্যারোল ও হ্যারি উইংকস।
ক্লাবের অফিসিয়াল টুইটারে এক বার্তায় ডেলি বলেছেন, এখানে থাকতে পেরে আমি দারুণ খুশি। টটেনহ্যামে খেলা আমি বেশ উপভোগ করি। ব্যক্তিগতভাবে আমি মনে করি এর থেকে ভাল ক্লাব আর হতে পারেনা। দলটি বেশ তরুণ, এখানকার ভক্ত, ম্যানেজার, কর্মকর্তা সবাই বেশ চমৎকার।
গত বছর আগস্টে ম্যানচেস্টার ইউনাইেেটডের বিপক্ষে টটেনহ্যামের হয়ে অভিষেক হয়েছিল ডেলির। তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ৪৬ ম্যাচে করেছেন ১০ গোল, তার কল্যাণেই প্রিমিয়ার লিগে স্পারসরা তৃতীয় স্থানে থেকে মৌসুম শেষ করে। একইসাথে জায়গা করে নেয় চ্যাম্পিয়নস লিগেও।
ইংল্যান্ড পেশাদার ফুটবলার্স এসোসিয়েশনের বিচারে ২০১৫/১৬ মৌসুমে বর্ষসেরা খেলোয়াড় মনোনীত হয়েছিলেন ডেলি। গত বছর নভেম্বরে ইংল্যান্ডের হয়ে ওয়েম্বলিতে ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচে তার আন্তর্জাতিক অভিষেক হয়।
চলতি বছর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও তিনি জাতীয় দলে অন্তর্ভূক্ত ছিলেন। কিন্তু ইউরোতে বাজে পারফর্ম করা ইংল্যান্ড একটু আগে ভাগেই বিদায় নিলে ডেলির মত আরো অনেকেই নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি। এএফপি
ইত্তেফাক/এমএইচ
