একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জাতীয় পার্টির সংসদ সদস্য এম এ হান্নান ও তার ছেলেসহ আটজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের দিন পিছিয়েছে। নতুন করে ৩১ অক্টোবর দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মঙ্গলবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেয়।
মামলায় আসামিরা হলেন- ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য হান্নান, হান্নানের ছেলে মো. রফিক সাজ্জাদ (৬২), ডা. খন্দকার গোলাম ছাব্বির আহমাদ (৬৯), মিজানুর রহমান মিন্টু (৬৩), মো. হরমুজ আলী (৭৩) গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। এর মধ্যে আসামি মো. ফখরুজ্জামান (৬১), মো. আব্দুস সাত্তার (৬১) ও খন্দকার গোলাম রব্বানী(৬৩) পলাতক রয়েছেন।
প্রসিকিউটর চমন সাংবাদিকদের জানান, আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য প্রয়োজনীয় কাজ শেষ না হওয়ায় আমরা সময় চেয়েছি। আদালত ৩১ অক্টোবর নতুন তারিখ ঠিক করে আদেশ দেয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা গত ১১ জুলাই এই আটজনের বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় জমা দেয়। তদন্ত প্রতিবেদনে আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় অগ্নিসংযোগ, লুটপাট, অপহরণ, আটক, নির্যাতন, হত্যা ও লাশ গুমসহ পাঁচটি অভিযোগ আনা হয়।
২০১৫ সালের ১৯ মে ত্রিশালের শহীদ মুক্তিযোদ্ধা আবদুর রহমানের স্ত্রী রহিমা খাতুন এই মামলা করেন। ময়মনসিংহের ১ নম্বর আমলি আদালতের বিচারক পরে এজাহারটি গ্রহণ করে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর আদেশ দেন। তদন্ত সংস্থা ঐ বছরের ২৮ জুলাই তদন্ত শুরু করে এ বছরের ১১ জুলাই তা শেষ করে।
২০১৫ সালের ১ অক্টোবর ট্রইব্যুনাল আসামিদের বিরুদ্ধে পরোয়ানা জারি করলে ঐদিনই হান্নানকে গুলশানে তার বাড়ি থেকে এবং ছেলে রফিক সাজ্জাদকে ঐ এলাকার একটি অফিস থেকে গ্রেফতার করা হয়। একই দিন গ্রেফতার করা হয় ডা. খন্দকার গোলাম সাব্বির, মিজানুর রহমান মিন্টু ও হরমুজ আলীকে।-বাসস।
ইত্তেফাক/এএসএস
